
কখনো আল্টিমেটাম বা সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি আরো বলেন, ছাত্রদের দাবী পুরোপুরি অন্যায্য।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, এই সরকার কারো দাবি পুরনের জন্য আসেনি। একটা সুশাসন ও সংস্কারের জন্য এসেছে। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১৩ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে তাতে তিতুমীর কলেজও থাকবে। তবে কাউকে যদি বিশেষ বিবেচনা করা হয় সেটি হবে রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী।


