
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ষড়যন্ত্রের অংশ। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করই বিএনপির কাজ বলে জানিয়েছেন, দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ”আমরা চাই অতিদ্রুত আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সংস্কারের নামে বিলম্ব করবেন না। সংস্কারের নামে টালবাহানা চাই না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে আমরা ষড়যন্ত্রের অংশ মনে করি।”
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।


