
চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে হট্টগোল, চেয়ার–ছোড়াছুড়ির ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সমাবেশ চলাকালে মঞ্চে উপজেলা পর্যায়ের এক নেতার বক্তব্য দেওয়া নিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক ও সদস্যসচিব রফিকুল ইসলামের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা মাঠে উত্তেজিত হয়ে পড়েন। একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন এবং ভাঙচুর করেন। পরে ককটেল বিস্ফোরণ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠিনক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।


