
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যন মুশফিকুর রহিম টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ বার্তা দেন তিনি।
পোস্টে মুশফিক লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি।’
ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘গেল কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। যেখানে ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটির কল্যাণে ৭৭৯৫ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন মুশফিকুর রহিম।


