
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ৩৫ বছর বয়সী এই ব্যাটার শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে, যেখানে ভারতের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি।
১৭০টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৩.২৮ গড়ে ৫৮০০ রান করেছেন স্মিথ। স্ট্রাইক রেট ৮৬.৯৬, সেঞ্চুরি ১২টি ও হাফসেঞ্চুরি ৩৫টি। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন ১২তম স্থানে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ১৬৪ তার ক্যারিয়ার সেরা ইনিংস। লেগ স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্মিথ ২৮টি উইকেটও নিয়েছেন এবং ঝুলিতে আছে ৯০টি ক্যাচ।
তবে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন স্মিথ। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এখন তরুণদের প্রস্তুত হওয়ার সময়, তাই মনে হলো এটাই সঠিক সময় বিদায় বলার।’


