
মেট্রোরেলের নারীদের কোচে নারী ও শিশু যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বুধবার মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেলে নারীদের কোচে এ ঘটনা ঘটে।
নিলুফার পারভিন মিতু নামে এক যাত্রী সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি তুলে ধরেন, যা নজরে এসেছে মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষেরও। বিষয়টি তারা অনুসন্ধান করে দেখার কথা বলছেন।
পেশায় চিকিৎসক নিলুফার ‘বাংলাদেশ মেট্রোরেলওয়ে ইনফরমেশন’ নামে ফেইসবুক গ্রুপে লেখেন, বুধবার বিকালে তিনি মেট্রোরেলে উঠেছিলেন ফার্মগেট স্টেশন থেকে। নারীদের জন্য সংরক্ষিত একমাত্র বগিতে ১০-১২ জন পুরুষ ছিলো। বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে তারা এক শিশুসহ নারীদের শ্লীলতাহানি করেন।
ঘটনার বর্ণনায় নিলুফার জানান, ফার্মগেট স্টেশন ছাড়ার পর এক নারী কাঁদতে কাঁদতে দরজার দিকে এসে ট্রেন থেকে বের হওয়ার জায়গা দিতে বলেন। সেসময় কারণ জানতে চাইলে ওই নারী ও তার শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা বলেন।
নিলুফার বলেন, “ওই নারী বলছিলেন, তার মেয়ে ও তাকে বাজেভাবে অ্যাবিউজ করা হয়েছে। প্রথমে বুঝতে পারিনি নারীদের কামরায় কীভাবে সম্ভব। পরে ওই নারী পেছনের দিকে দেখান, সেখানে ১০-১২ পুরুষ যাত্রী ছিল। তারাই মেয়েদের হয়রানি করছিলেন।”
ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ট্রেনের যাত্রীদের নিরাপত্তায় গত তিন দিন ধরে পুলিশ আছে। বিষয়টি জানার পর আমরা ইনভেস্টিগেশন করছি। তবে কোন স্টেশনের ঘটনা, কোন স্টেশনে গিয়ে উনারা অভিযোগ করেছেন, সেটা পোস্টে না থাকায় বিস্তারিত জানতে পারছি না।”


