
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা ও বাংলাদেশ সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি।
শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপির অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- lll/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও বাংলাদেশ সচিবালয়, কাকরাইল মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে যে কোন ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও র্যালি নিষিদ্ধ করা হলো।


