
বর্তমানে দেশে ৬৪টি জেলা এবং ১২টি সিটি করপোরেশন রয়েছে, তাই সংসদের উচ্চকক্ষে আসন সংখ্যা হবে ৭৬টি এবং সদস্যরা নির্বাচিত হবেন জনগনের ভোটে। জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ভোট একই সময়ে অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ১৩তম দিনের অধিবেশনে এই প্রস্তাব করা হয়েছে। সংলাপে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা।
কমিশন উচ্চকক্ষের নতুন প্রস্তাবে জানিয়েছে, প্রতিটি জেলা ও সিটি করপোরেশনের এলাকা একেকটি আঞ্চলিক এলাকা হিসেবে বিবেচিত হবে। উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবে সাধারণ ভোটারদের সরাসরি ভোটে।
উচ্চকক্ষের কাজ হবে আইনি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করা এবং নির্বাহী ক্ষমতার ওপর গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রন প্রতিষ্ঠা।


