
মোহাম্মদ সিরাজের দূর্ভাগ্য একই সাথে ভারতের। ইংরেজ স্পিনার শোয়েব বশিরের লাফিয়ে ওঠা নিরিহ বলটি ঠিক মাঝ ব্যাটেই খেললেন সিরাজ, কিন্তু বিধি বাম! বল গড়িয়ে গিড়িয়ে গিয়ে আঘাত করল লেগ স্টাম্পে। পড়ে গেল বেলস। আর তখনই দারুণ এক জয়ে বাঁধনহারা উল্লাসে মেতে উঠল বেন স্টোকসের দল। হারের হতাশায় ক্রিজে অনেক্ষন বসে রইলেন সিরাজ।
এটাই বোধহয় টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। প্রতিটা বল যেন এক একটি গল্প। ধৈর্য্য, কৌশল আর প্রতিপক্ষের সাথে মনস্তাত্ত্বিক লড়াই।
লর্ডস টেস্টে জাদেজার সাথে সিরাজের জুটিটা ভারতকে দেখাচ্ছিল অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন। কিন্তু ৫ম দিনে ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২২ রানের হারে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে গেল স্বাগতিকরা।
টেস্ট ইতিহাসের মাত্র নবম ঘটনা হিসেবে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। শেষ ব্যাটসমেন হিসেবে মোহাম্মদ সিরাজ যখন মাঠে নামছেন তখনও ভারত জয় থেকে ৪৬ রানে দূরে। চা বিরতির পর সিরাজের ওই দূর্ভাগা আউটে অপূর্ণই থেকে গেছে ভারতের জয়। সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করে গেছেন কেবল রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের রুদ্ধশ্বাস লাড়াইয়ে পাওয়া অসাধারণ জয়ে সামনে থেকে নেতৃত্ত্ব দিয়েছেন দলনেতা বেন স্টোকস। ২৪ ওভার বল করে ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ছিল ২ উইকেট। আর দুই ইনিংসে করেছেন যথাক্রমে ৪৪ ও ৩৩ রান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার।


