বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর: জাতিসংঘ

ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। ৩ কোটি ৬৬ লাখ বাসিন্দা নিয়ে ঢাকা এই অবস্তানে উঠে এসেছে। ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে প্রথম স্থানে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সম্প্রতি জাতিসংঘের নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের সর্বশেষ সমীক্ষায় এশিয়ার দেশ জাপানের রাজধানী টোকিও হয়েছিল বিশ্বের বৃহত্তম শহর। টোকিও এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শহর।

জাকার্তা এর আগে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। আর ঢাকা ছিল তালিকায় নবম। বর্তমান অনুমান অনুযায়ী ২০৫০ সালে সবাইকে পেছনে ফেলে ঢাকা জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে।

১৯৭৫ সালের তথ্যানুযায়ী সেসময় বিশ্বে মেগাসিটি ছিল ৮টি। বর্তমানে এর সংখ্যা ৩৩টি। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বিশ্বে মেগাসিটির সংখ্যা বাড়ার এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ জানিয়েছে বিশ্বে ৩৩টি মেগাসিটির ১৯টিই এশিয়া মহাদেশে। আর ১০টির মধ্যে ৯টিই এই মহাদেশে অবস্থিত। জাকার্তা, ঢাকা, টোকিওর পর শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হল: মিশরের কায়রো (৩ কোটি ২০লাখ), ভারতের নয়া দিল্লী (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ