
বড়দের পাশাপাশি শিশুদের হাতেও এখন পৌঁছে গেছে স্মার্টফোন। পড়াশোনা, যোগাযোগ অথবা বিনোদনের জন্য অনেক পরিবার ছোট্ট শিশুদের হাতে এখন তুলে দিচ্ছে স্মার্টফোন।
কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বয়স ১৩ হওয়ার আগে শিশুকে স্মার্টফোন দেওয়া বিপজ্জনক।
গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘আমেরিকান অ্যাকাডেমিক অব প্যাড্রিয়াটিক্স’ এ।
গবেষণাটি পরিচালনা করেছেন র্যান বারজিলে। ফিলাড্যালফিয়া চিলড্রেন’স হাসপাতালের একজন শিশু-কিশোর বিশেষজ্ঞ ও মনোরোগবিদ্যার অধ্যাপক তিনি। গবেষণায় যুক্তরাষ্ট্রের ২১টি অঞ্চলের সাড়ে ১০ হাজার শিশুর তথ্য বিশ্লেষণ করেছেন তিনি।
গবেষণায় উঠে এসেছে ১৩ বছরের তুলনায় যেসব শিশু ১২ বছর বয়সে হাতে স্মার্টফোন পেয়েছে তাদের ঘুমের সমস্যার ঝুঁকি ৬০ শতাংশের বেশি। এছাড়া স্থুলতা বা অতিরিক্ত ওজনের সমস্যা বেড়ে যায় ৪০ শতাংশের বেশি।
গবেষকরা বলছেন, বয়:সন্ধির শুরুতে স্মার্টফোন থাকার সাথে বিষন্নতা, স্থুলতা ও অপর্যাপ্ত ঘুমের সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে তরুণ সমাজকে রক্ষার জন্য রাষ্ট্রীয় নীতিমালা বা আইন তৈরির সুপারিশ করেছেন তারা।


