
চীনা মালিকানার কারণে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আশঙ্কা কাটাতে সংখ্যাগরিষ্ঠ মার্কিন মালিকানায় একটি যৌথ উদ্যোগ গঠন করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, TikTok USDS Joint Venture LLC নামে নতুন এই কোম্পানি যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনা করবে।
এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি ব্যবহারকারী ও ৭৫ লাখের বেশি ব্যবসায়িক অ্যাকাউন্ট সেবা পাবে। টিকটকের দাবি, নতুন কাঠামোয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা, অ্যালগরিদমের নিরাপত্তা এবং কন্টেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ওরাকলের সুরক্ষিত ক্লাউডে সংরক্ষণ করা হবে। ফেডারেল মানদণ্ড অনুযায়ী তৃতীয় পক্ষের মাধ্যমে সাইবার নিরাপত্তা নিরীক্ষাও করা হবে বলে জানিয়েছে টিকটক।
চুক্তি অনুযায়ী, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স যৌথ উদ্যোগে ১৯ দশমিক ৯ শতাংশ শেয়ার ধরে রাখবে, যা আইনে নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। সিলভার লেক, ওরাকল ও আবুধাবিভিত্তিক এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশের শেয়ারের মালিক হবেন।
চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন।
নতুন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন টিকটকের নির্বাহী অ্যাডাম প্রেসার। আর প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে থাকবেন উইল ফেরেল।
উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া আইনটি এমন এক সময় আসে, যখন মার্কিন নীতিনির্ধারকেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন—চীন টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ বা অ্যালগরিদম ব্যবহার করে প্রভাব বিস্তার করতে পারে।
সূত্র: ব্যাংকক পোস্ট

