
দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক একুশে পদকের জন্য বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬ সালে একুশে পদকের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত দলের নাম ঘোষণা করেছে।

এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চিত্রকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, বাংলাদেশের স্থাপত্যচর্চাকে ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরুপ স্থাপত্যে মেরিনা তাবাসসুম।

সংগীতে কিংবদন্তি ভুমিকা রাখায় আইয়ুব বাচ্চু, নাচের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনায় অর্থি আহমেদ, লোকজ সংস্কৃতির জন্য ইসলাম উদ্দিন পালাকার।

যায় যায় দিন ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করার জন্য সাংবাদিকতায় শফিক রেহমান, গণিত অলিম্পিয়াড এবং তরুণদের মধ্যে গণিত চর্চা প্রসারের জন্য শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশের ভাস্কর্য শিল্পে অনন্য অবদানের জন্য তেজস হালদার যস।

এছাড়া দেশের প্রথম ব্যান্ড হিসেবে হার্ড রক মিউজিকে যুগান্তকারী অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছে ব্যান্ডদল ওয়ারফেইজ।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


