
ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে এই পদে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন বলা হয়েছে, স্থানীয় সরকা (সিটি করপোরেশন) (সংশোধিত) অধ্যাদেশ ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।
গত বছরের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে ১ বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। সেই মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর আগে গত ১ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিচারক মো. সাব্বির ফয়েজ মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।


