
যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট, বাড়ি ও জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ থেকে নির্বাচিত মাদারিপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রবিবার আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।
এদিন আসামি আব্দুস সোবহান মিয়া গোলাপকে আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম আব্দুস সোবহান মিয়া গোলাপকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. আব্দুস সোবহান মিয়া ওরফে গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ২৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন ও তা ভোগদখলে রাখেন। এ ছাড়া তার ও স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছে।


