বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন দায়িত্ব পাওয়া ছয়জনই ক্ষমতাশীল দল বিএনপির প্রভাবশালী জ্যেষ্ঠ নেতা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে।

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি)
ডিএসসিসি’র নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সভাপতি আব্দুস সালাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন আবদুস সালাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে শফিকুল ইসলাম খানকে। তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ থেকে নির্বাচন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে পরাজিত হন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তার জায়গায় নতুন প্রশাসক হয়ে এলেন শফিকুল ইসলাম খান।

গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন।

সিলেট সিটি করপোরেশন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত প্রশাসক খান মো. রেজা-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি)
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ধানের শীষে মনোনয়ন নিয়ে নির্বাচন করলেও জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে হারেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মোখতার আহমেদের স্থলাভিষিক্ত হলেন নজরুল ইসলাম মঞ্জু।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ