
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে।
সোমবার দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন আমিনুল ইসলাম।
এর আগে, সোমবার সকালে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত দেড় বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা। এরই মধ্যে আগামী ৪ মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।


