বুধবার, মে ১৩, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম অলি উল্যাহকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তারশঙ্কার কারণে আইসিসি’র কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাক্ষান করে। সেসময় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এরপর তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত।

 

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ