
আগ্নেয়াস্ত্রের নিবন্ধন, লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে মালিকদের অগ্রিম করের হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, বন্দুক, শটগান ও রাইফেলের মালিকদের ৫০ হাজার টাকা এবং পিস্তল ও রিভলবারের মালিকদের ১ লাখ টাকা অগ্রিম কর পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন। বাজেট প্রস্তাব অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু বা নবায়নের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই-চালানের মাধ্যমে এ অগ্রিম আয়কর আদায় করবে।
বর্তমান ব্যবস্থাতেও আগ্নেয়াস্ত্রের মালিকদের অগ্রিম কর দিতে হয়। তবে নতুন বাজেটে সেই করের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতদিন অস্ত্রের ধরনভেদে লাইসেন্স ও নবায়ন ফির সঙ্গে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর কেটে রাখা হতো।
বর্তমানে পিস্তল, রিভলবার ও রাইফেলের লাইসেন্স পেতে আবেদনকারীদের আবেদনপূর্ব তিন করবর্ষে ন্যূনতম ৫ লাখ টাকা আয়কর পরিশোধের প্রমাণ দিতে হয়। শটগানের ক্ষেত্রে এই সীমা ২ লাখ টাকা।


