
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকদের দায়িত্ব না দেওয়ার জন্য জাহাজ মালিক ও কর্মী নিয়োগকারী সংস্থাগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধাবস্থা ও চরম নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ওই অঞ্চলের নৌপথে পৃথক দুটি হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হওয়ার পর জরুরি ভিত্তিতে এই নির্দেশনা জারি করে দেশটির সরকার।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (নৌপরিবহন অধিদপ্তর) দেশের সব জাহাজ মালিক, নৌযান ব্যবস্থাপক এবং নাবিক সরবরাহকারী রিক্রুটমেন্ট কোম্পানিগুলোর উদ্দেশে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি অতিক্রমকারী কোনো জাহাজে ভারতীয় নাবিক মোতায়েন করা যাবে না। পারস্য উপসাগরের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় চলাচলকারী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাবিকদের জানমালের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে ভারতের নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের সামুদ্রিক এলাকায় বিভিন্ন হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের পাশাপাশি ভারতের তিনজন নাবিকও রয়েছেন। তারা গত ৯ জুন ওমান উপকূলে ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বিমান হামলায় প্রাণ হারান।


