বিগত সরকারের অর্থ পাচারে পিছিয়েছে উন্নয়ন: তারেক রহমান

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের আমলে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যার সমাধান সম্ভব হতো। তিনি বলেন, দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়ায় বর্তমান সরকারকে ‘ভয়াবহ’ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ভূমি কমিশন গঠন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, উচ্ছেদ বন্ধ এবং ঋণ সুবিধাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন প্রতিনিধিরা।

তারেক রহমান বলেন, ‘প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হতো। এভাবে অর্থ পাচার না হলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আমরা পর্যায়ক্রমে সমাধানযোগ্য বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিকে আগের সরকার ধ্বংস করে গেছে উল্লেখ করে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিডনি ডায়ালাইসিস ও হার্টের রিংসহ জরুরি চিকিৎসাসামগ্রীর ওপর কর কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য আন্না মিনজ ও সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ