বাংলাদেশ সিরিজে পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ফিরলেন কামিন্স-হ্যাজলউড

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং তারকা অফ-স্পিনার নাথান লায়ন। তিন সিনিয়র ক্রিকেটারের প্রত্যাবর্তনে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা।

পিঠের চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন প্যাট কামিন্স। বাংলাদেশ সিরিজ দিয়েই আবারও দলের নেতৃত্বে ফিরছেন তিনি। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হ্যাজলউড ও লায়ন। ফলে অস্ট্রেলিয়ার পেস ও স্পিন—দুই বিভাগেই বেড়েছে অভিজ্ঞতা এবং ভারসাম্য।

তবে মূল ১৩ সদস্যের দলে জায়গা পাননি পেসার মাইকেল নেসার। প্রয়োজনে দলে যুক্ত করার জন্য তাকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর অংশ হিসেবে আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে রাখতে স্বাগতিকরা যেমন মরিয়া, তেমনি বিদেশের মাটিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররাও।

অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড

  • প্যাট কামিন্স (অধিনায়ক)
  • ট্রাভিস হেড
  • স্টিভ স্মিথ
  • মার্নাস লাবুশেন
  • জ্যাক ওয়েদারল্ড
  • ক্যামেরন গ্রিন
  • বো ওয়েবস্টার
  • অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক)
  • জশ ইংলিস (উইকেটরক্ষক)
  • মিচেল স্টার্ক
  • জশ হ্যাজলউড
  • স্কট বোল্যান্ড
  • নাথান লায়ন

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ