১৮ মাসের মধ্যেই চালু হবে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান

আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ প্রথম কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সোমবার চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বেজা চেয়ারম্যান বলেন, গত মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রকল্পটি চালুর সময়সীমা নিয়ে আলোচনা হয়। প্রথমে তিন থেকে পাঁচ বছর সময়ের কথা বলা হলেও প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর চ্যালেঞ্জ দেন। পরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানও নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

চীনা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে আশিক মাহমুদ বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের অতিথি। তারা বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার পাশাপাশি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন। দ্রুত অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আনোয়ারা ও আশপাশের এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি বিনিয়োগকারীদের পাশে থাকার আহ্বান জানান।

যেকোনো সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বেজা চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে রাখতে হবে। টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশি-বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ