মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আটক ১

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গির এলাকার একটি বাড়ি এবং পার্শ্ববর্তী এলাকা থেকে সোমবার বিকেলে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

নেগরি সিমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অভিযান চালিয়ে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়।

পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। এরপর আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আহত আরেক বাংলাদেশি বর্তমানে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষটি একাধিক স্থানে ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজনের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ