
দেশের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজের জন্য জেট এ-১ উড়োজাহাজ জ্বালানির দাম প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক রুটের এয়ারলাইনগুলোর জন্য দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার।
রোববার বিইআরসি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম রোববার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও মার্কিন ডলারের বিনিময় হার পর্যালোচনা করে আগস্ট মাসের জন্য জেট এ-১-এর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে গত ৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত জেট এ-১-এর আন্তর্জাতিক প্ল্যাটস (Platts) মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হারও হিসাবের মধ্যে রাখা হয়েছে।
বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেট এ-১-এর মাসিক মূল্য পর্যালোচনা ও সমন্বয়ের জন্য বিইআরসির গঠিত কমিটিও আগস্ট মাসের জন্য একটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস মূল্য, ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের পরিবর্তন বিবেচনা করা হয়।
কমিটির সুপারিশ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা শেষে আগস্ট মাসের জন্য জেট এ-১-এর দাম সমন্বয় করেছে বিইআরসি।

