
দেশের বাজারে সোনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়। সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৫ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা করা হয়েছে।
এর আগে ২০ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগের দিন কমেছিল ৩ হাজার ২৬৬ টাকা। এছাড়া ১৮, ১৪, ১৩, ১২ ও ৬ নভেম্বরও দফায় দফায় দাম কমানো হয়। সব মিলিয়ে আট দফায় প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা।
বাজারে সোনার দাম কমার পেছনে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দরপতনকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে ৩ হাজার ৫৭০ ডলারে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান সোনার দাম কমার পেছনে ভূমিকা রাখছে। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমতে পারে, অন্যদিকে ডলারের শক্তিশালী অবস্থানও আন্তর্জাতিক বাজারে সোনার দামে চাপ তৈরি করে।
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকে ধীরে ধীরে দর কমতে থাকে, আর চলতি মাসে সেই পতন আরও ত্বরান্বিত হয়েছে।

