উয়েফা চ্যাম্পিয়নস লিগ: মহানাটকীয় ম্যাচে ৫-৪ গোলে বেনফিকাকে হারালো বার্সা

লিসবনের এস্তাদিও দা লুজে যা ঘটে গেল, তা যে অনেকের কাছেই মনে হতে পারে অবিশ্বাস্য–অভাবনীয়। ম্যাচের প্রথমার্ধেই গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে ৩–১ গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা। মনে হচ্ছিল গ্রিক রূপকথায় বার্সেলেনার বিপক্ষে স্মরণীয় এক জয়ই পেতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি।

কিন্তু, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর অবিশাস্যে এক গল্প লিখল বার্সেলোনা। মহানাটকীয় ম্যাচটা তারা জিতে নিল ৫–৪ ব্যবধানে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এমন স্কোরলাইন এই প্রথম! এ জয়ে সরাসরি শেষ ষোলোতে খেলাও নিশ্চিত হলো হান্সি ফ্লিকের দলের।

রেফারি শেষ বাঁশি বাজানোর ঠিক আগমুহূর্তে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া করেন জয়সূচক গোলটি। তখন চলছে যোগ করা সময়েরে ষষ্ঠ মিনিটে খেলা। প্রবল বর্ষণের রাতে লিসবনে বহু বাঁক বদলের ম্যাচে বার্সেলোনার জয়ের নায়ক শেষ পর্যন্ত রাফিনিয়া।

ঘটনাবহুল ম্যাচে রেফারি মাক্কেলির বেশ কয়েকটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। দুই দলের গোলকিপার ও ডিফেন্ডারদের ভুলগুলোও ছিল দৃষ্টিকটু। সেসব ভুলেই সুযোগের সদ্ব্যবহার করেন পাভলিদিস। মাত্র ৩০ মিনিটেই তিন গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ম্যাচের শুরু থেকে হিসাব করলে এটি তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক। ২০২২ সালে সালজ্‌বুর্গের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিকটাই দ্রুততম।

সেই লেভার সৌজন্যেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সা। ১৩ মিনিটে এই পোলিশ স্ট্রাইকার পেনাল্টি থেকে করেন দলের প্রথম গোল। ৩–১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ফ্লিকের দল।

তবে, দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাফিনিয়া। ম্যাচের ৬৪ মিনিটে তাঁর গোলে ব্যবধান কমিয়ে ৩–২ করে ফেলে বার্সা। কিন্তু এর কিছুক্ষণ পরেই রোনালদো আরাউহোর আত্মঘাতী গোলে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় বেনফিকা। আনহেল দি মারিয়া–নিকোলাস ওতামেন্দিদের জয় তখন নিশ্চিতই মনে হচ্ছিল।

কিন্তু ৭৮ মিনিটে লামিনে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলা জমিয়ে তোলেন লেভানডফস্কি। এই গোলে ভাগ বসান ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এখন পেনাল্টি থেকে যৌথভাবে শীর্ষ গোলদাতা রোনালদো আর লেভা। স্পট কিক থেকে দুজনেরই গোল ১৯টি করে।

৮৬ মিনিটে পেদ্রির দুর্দান্ত ক্রস থেকে লাফিয়ে ওঠা হেডে ৪–৪ করে ফেলেন বদলি এরিক গার্সিয়া। এরপর রাফিনিয়ার সেই শেষের জাদু বেনফিকা ৪–৫ বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো দল ৪ গোল খেয়েও ম্যাচ জিতল। প্রথমবার এমনটা হয়েছিল ২০১৬ সালের নভেম্বরে, লেগিয়া ওয়ারশকে ৮–৪ গোলে হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় দুই গোলে পিছিয়ে পড়েও বার্সার জয়ের ঘটনা এটাই প্রথম, বেনফিকার ক্ষেত্রে হারের দ্বিতীয় ঘটনা।

এমন দুর্বিষহ অভিজ্ঞতা ভুলবেন কী করে এস্তাদিও লা লুজে খেলা দেখতে যাওয়া হাজার পঞ্চাশেক বেনফিকা সমর্থক? ভুলতে না পারলেও তাঁদের চোখের জল নিশ্চয় মিশে গেছে লিসবনের বৃষ্টির সঙ্গে!

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ