বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

নসরুল হামিদের ছেলের ফ্ল্যাট ক্রোক ও ১০ কোটি টাকাসহ ১৭ ব্যাংক হিসাব জব্দের আদেশ

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিপুর ছেলে জারিফ হামিদের (৩৩) নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক এবং তাঁর ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটের প্রদর্শিত অর্থমূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তাঁর নামে ১৭টি হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ১০ কোটি ৬৫ লাখ টাকা জমা রয়েছে। এ ছাড়া ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রও রয়েছে তাঁর নামে।

১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

এর আগে অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে গত ২৬ ডিসেম্বর মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। এসব মামলায় নসরুল হামিদকেও আসামি করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ক্ষমতার পালাবদলের পর বিপু ও তার স্ত্রী ছাড়াও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ ছাড়া বিপু তার নিজের ৯৮টি ব্যাংক হিসাবে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১৩ টাকা জমা ও ৩ হাজার ১৩০ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৭২৯ টাকা উত্তোলনের মাধ্যমে ‘অস্বাভাবিক’ ও ‘সন্দেহজনক’ লেনদেন করেছেন বলে দুদকের নথিতে উল্লেখ করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ