
প্রায় ২০ কোটি পাউন্ড মূল্যের শিল্প সংগ্রহ বিক্রি করার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। কোভিড-১৯ সংকটের সময় সৃষ্ট ঋণের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েক বছরে আর্থিক প্রতিবন্ধকতা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি বেশ ঝামেলায় পড়েছে।
ব্রিটিশ সংস্কৃতি, শিল্প ও শিক্ষাকে বিশ্বজুড়ে প্রচার করে আসা কাউন্সিলটি সরকারের কাছ থেকে ২৫ কোটি পাউন্ড জরুরি ঋণ নিয়েছিল মহামারীর সময়।
কাউন্সিলের সংগ্রহে হেনরি মুর, ট্রেসি এমিন ও ডেভিড হকনির মতো বিশিষ্ট শিল্পীদের কাজ রয়েছে। রয়েছে লুসিয়ান ফ্রয়েডের গার্ল উইথ রোজেস ও ড্যামিয়েন হার্স্টের ডট পেইন্টিংয়ের মতো বিখ্যাত শিল্পকর্ম। ধারণা করা হচ্ছে, আগামী বসন্তে নিলামে তোলা হতে পারে কাজগুলো। বর্তমানে কাউন্সিলের সংগ্রহে শিল্পের সংখ্যা নয় হাজারের মতো। তার অর্ধেকই বিক্রি করার ব্যাপারে জটিলতা রয়েছে। কারণ শিল্পী ও সংগ্রাহকরা সে কাজগুলো দান করেছিলেন বিক্রি না করার শর্তে। তবে, অবশিষ্ট কাজগুলো কাউন্সিলের আর্থিক সংকট লাঘব করার জন্য বিক্রি করা হতে পারে।
সূত্র: আর্ট লিস্ট


