
কমিক বুক ‘নিউ মিউট্যান্টস নাম্বার ৯৮’-এর একটি পৃষ্ঠা বিক্রির দামে নতুন ইতিহাস তৈরি করেছে। নিলামকারি প্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের মাধ্যমে প্রায় ছয় হাজার ক্রেতা কমিক আর্ট বিক্রিতে বিড করেছিলেন। তবে, বিজয়ী ক্রেতা বইটি কিনেছেন ৯ লাখ ৬০ হাজার ডলারে।
কমিক বুকের এ সংখ্যাতেই ডেডপুল চরিত্রটিকে প্রথমবারের মতো দেখা যায়। নিউ মিউট্যান্টসের পৃষ্ঠাটি নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বাধিক মূল্যবান কমিক আর্ট পৃষ্ঠা। তবে, ৩৪ লাখ ডলার মূল্য নিয়ে শীর্ষস্থানটি দখল করে আছে ১৯৮৪ সালের ‘সিক্রেট ওয়ারস নম্বর ৮’ থেকে ২৫ নম্বর পৃষ্ঠা, যা মাইক জেক এঁকেছিলেন। সেই পৃষ্ঠাটিকে স্পাইডার-ম্যানের কালো পোশাকের উৎস বলা হয়।
নিউ মিউট্যান্টসের পৃষ্ঠাটির শিল্পী রোব লাইফেল্ড, যিনি একই সঙ্গে ডেডপুলের সহনির্মাতা। নিলামের মূল্য দেখে তিনি নিজেও কম বিস্মিত হননি।


