
নতুন চ্যালেঞ্জ নিতে চার বছর দায়িত্ব পালনের পর আইসিসির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ অ্যালারডাইস।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। প্রথমে সংস্থাটির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০২১ সালের নভেম্বরে পূর্ণকালীন দায়িত্বে তিনি আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে আট মাস ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে।
তার পদত্যাগের কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করছেন অ্যালারডাইস।
তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে আমরা যে ফলাফল অর্জন করেছি, তাতে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত।”
“গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসি চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি, পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সঠিক সময় এটিই। আমার দৃঢ় বিশ্বাস, ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে এবং আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যতের সাফল্য কামনা করি আমি।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ গত ১ ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার দুই মাসের মধ্যে সরে দাঁড়ালেন অ্যালারডাইস।


