
১ ফেব্রুয়ারি থেকে পর্যটকরা আগামী নয় মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমন করতে পারবেন না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তার আগের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে প্রবাল দ্বীপটিতে। সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবে। এরপর সব পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকবে।’
আগে ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন চালু ছিল। চলতি বছর থেকে পরিবেশ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী দ্বীপে পর্যটনের এ সীমা সংকুচিত করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের গুরুত্বপূর্ণ মৌসুমে জারি করা এ নিষেধাজ্ঞার ফলে দ্বীপের পর্যটন খাত নেতিবাচকভাবে প্রভাবিত হবে। তাদের দাবি, এ সীমা অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত।
দ্বীপের হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি এমএ আব্দুর রহিম বলেন, ‘এটি দ্বীপের জন্য নজিরবিহীন সংকট। পর্যটন বন্ধ হলে হাজারো মানুষ দুর্ভোগে পড়বে। সরকারের কাছে আবেদন, অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন চালু রাখুন। এতে দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের ক্ষতি কিছুটা কম হবে।’


