
এবারের ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায়। সেখানে ৪৭ বছর বয়সী মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেনসরি আয়োজকদের অবাক করে দিয়ে হাজির হন নগ্ন পোশাকে।
ঘটনার শেষ এখানেই নয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই গুঞ্জন ওঠে, পোশাকের কারণে এই দম্পতিকে অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়েছে। তবে সব জল্পনাকল্পনার শেষে দেখা গেল, তেমন কিছু হয়নি। বরং লালগালিচায় ছবি তোলার পর গাড়িতে উঠে চলে যান নিজেরাই, স্বেচ্ছায়। পুলিশ ও গ্র্যামির নিরাপত্তাকর্মীরা তাঁদের বের করে দেননি।
কানইয়ে ও তাঁর ৩০ বছর বয়সী স্ত্রী বিয়াঙ্কা দুজনেই পরে এসেছিলেন কালো রঙের পোশাক। ওয়েস্টের গায়ে ছিল কালো প্যান্ট আর টি-শার্ট। বিয়াঙ্কা পরেছিলেন কালো রঙের পশমের একটি ওভারকোট। লালগালিচায় তিনি সেটি খুলে ফেলেন। কোনো রকম অন্তর্বাস ছাড়াই স্বচ্ছ নুড রঙের ইনার পরেছিলেন। মসৃণ খোঁপা ও মেকআপ ছিল ন্যূনতম। ওয়েস্টকে এবার গ্র্যামিতে সেরা র্যাপ গানের জন্য মনোনীত প্রার্থী হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছিল।


