
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাচেলর অব মেডিসিন ও ব্যাচেলর অব সার্জারিতে (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্ত আসার সময় পর্যন্ত তাদের ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।
গত ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে মেডিক্যালে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন আছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।
ফলাফল প্রকাশের রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজের একদল শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও জানান। পরদিন ২০ জানুয়ারিও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ হয়। উদ্ভূত পরিস্থিতে বিষয়টি নিয়ে সেদিন বৈঠক করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।


