
সুইডেনে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানেয়ছে, স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ গুলির ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যাঁরা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করে থাকেন। তবে ওই স্কুলের পাশে শিশুদের স্কুলও রয়েছে।
প্রথমে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছিল এবং নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে নিষেধ করে।


