ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম বাড়ল ৪ শতাংশের বেশি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৪৩ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলার প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করতে ইউএস সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের আগে হামলা হতে পারে।

সম্ভাব্য অভিযানে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালির বিকল্প জাহাজ চলাচলের পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের ‘বৈধ দাবি’ পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে ঘূর্ণিঝড় ইসাইয়াসের প্রভাবে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হয়েছে। মার্কিন মেরিন মিনারেলস অ্যাডমিনিস্ট্রেশনের (এমএমএ) তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫ লাখ ১১ হাজার ৬১৯ ব্যারেল তেল উৎপাদন বন্ধ রয়েছে। এটি ওই অঞ্চলের মোট উৎপাদনের প্রায় ২৫ শতাংশ।

ঘূর্ণিঝড়ের কারণে শেলও পাঁচটি স্থাপনায় উৎপাদন বন্ধ করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ