
চট্টগ্রামের বাঁশবাড়িয়া, সীতাকুন্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ফেরি চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার সকাল ৯টায় উদ্বোধনের পর ফেরি চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের ফারুক ই আজম, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রঙ্গনে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি সভায় বক্তব্য রাখেন।
চট্টগ্রাম বিআইডব্লিউটিএ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যেতে ১ ঘন্টা ১০ মিনিট সময় লাগবে। প্রতিদিন চারবার ফেরি চলাচল করবে।


