
চ্যাটজিপিটির ডায়েট ফলো করে হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৬০ বছরের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভ্যাস থেকে ওই ব্যক্তি সম্পূর্ণভাবে লবন বাদ দিয়ে দেন। যার ফলে তার শরীরে বিপদজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
ঘটনাটি সম্প্রতি ’আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান্স’ জার্নালে প্রকাশিত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এটি খুবই গুরুতর একটি ঘটনা। যেখানে এআই থেকে প্রাপ্ত তথ্য পেশাদারের পরামর্শ ছাড়া প্রয়োগ করলে প্রানঘাতীর মত ঘটনা ঘটতে পারে। বিশেষত যেসব তথ্য শরীরের প্রয়োজনীয় পুষ্টির সাথে সম্পর্কিত।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ব্যক্তি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন তার খাদ্য তালিকা থেকে কি করে সোডিয়াম ক্লোরাইড বাদ দেওয়া যায়। উত্তরে চ্যাটজিপিটি তাকে বিকল্প হিসেবে ‘সোডিয়াম ব্রোমাইড’ ব্যবহারের পরামর্শ দেয়। এই যৌগ একসময় ওষুধে ব্যবহার হতো। তবে, বর্তমানে এটি উচ্চমাত্রায় বিষাক্ত হিসেবে স্বীকৃত।
চ্যাটজিপিটি’র পরামর্শ অনুযায়ী এরপর তিনি এই যৌগ বাজার থেকে কিনে এনে খাদ্য তালিকায় যোগ করেন এবং টানা তিন মাস গ্রহন করেন। একসময় তিনি ভুগতে থাকেন হ্যালুসিনেশন, সন্দেহপ্রবনতা ও চরম পানির পিপাসায়। হাসপাতালে ভর্তি করার সময় তিনি ছিলেন বিভ্রান্ত।
চিকিৎসকরা তাকে ‘ব্রোমাইড বিষক্রিয়া’ তে আক্রান্ত বলে শনাক্ত করেন। প্রতিবেদনে আরো বলা হয় দিন দিন এআই ব্যবহারের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। তাই ব্যবহারকারীদেরে এই বিষয়ে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


