
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্য মনোনিত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান।
শুক্রবার বেলা তিনটার পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে। তিনি হলফনামায় ফোজদারি মামলার কোন তথ্য দেননি। এছাড়া হলফনামায় তিনি যে তথ্য দিয়েছেন তা সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি। এসব অসংগতির কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না আপিল করতে পারবেন বলে জানান মোহাম্মদ তৌফিকুর রহমান।


