বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বৃহস্পতিবার জাতীয় নির্বাচন, নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরবর্তী অধ্যায় নির্ধারিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত করা হয়েছে। সারাদেশে ভোট গ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৯৯টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন নিবন্ধিত ভোটার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৯১ জন প্রার্থী।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে।

এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৯৮ জন প্রার্থী।

অপর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে থাকছে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ চলাকালে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা, অন্যদিকে অর্থনৈতিক পুনরুদ্ধার—এই দুই বিষয়ই আগামী সরকারের ওপর বড় দায়িত্ব হিসেবে থাকছে। নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে আগামী দিনের সরকার কাঠামো, উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান নীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা।

বিশেষজ্ঞরা বলছেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণই পারে এই নির্বাচনকে অর্থবহ করতে। জনগণের রায় প্রতিফলিত হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ একটি স্থিতিশীল পথ পাবে।

সব মিলিয়ে, আগামীকালের জাতীয় নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়—এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ