
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা আঘাত হানা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বর্তমানে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বাহরাইন সরকার নিশ্চিত করেছে যে, দেশটির রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আল জুফায়ার ঘাঁটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমিরাতের রাজধানী আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং দেশটি উচ্চ সতর্কতা অবলম্বন করছে।
পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মার্কিন পেন্টাগন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো সময় বড় ধরনের পাল্টা আক্রমণের সম্ভাবনা রয়েছে।


