
রাতে দাওয়াত খেয়ে মামাতো ভাই আশরাফুর রহমানের সাথে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই ১০-১২ জন সন্ত্রাসী ঘিরে ধরে কাউসারুজ্জামানকে। এ সময় পালাতে গেলে পেছন থেকে গুলি করে হত্যা করা হয় প্রবাস ফেরৎ কাউসারুজ্জামানকে। মামাতো ভাই আশরাফুর রহমানের চিৎকার ও গুলির শব্দে এলাকাবাসী জেগে উঠলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
গত শুক্রবার দিবাগত রাতে এভাবেই হত্যা করা হয় প্রবাসী কাউসারুজ্জামানকে। ২০২৪ সালের ৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরে আসেন দুই সন্তানের জনক কাউসারুজ্জামান।
নিহত কাউসারুজ্জামানের স্বজন ও পুলিশ জানিয়েছে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিতেন তিনি। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।


