
৭১ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে তরিকুল ইসলাম (২০) নামে এক যুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তরিকুল ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে পথিমধ্যে ইব্রাহিমপুর পার্কের কাছে পৌঁছালে তার হাতে থাকা ব্যাগটি এগিয়ে দেওয়ার কথা বলে বৃদ্ধার সঙ্গী হয় তরিকুল। এরপর ইব্রাহিমপুর মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে তরিকুল ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।


