আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যু: এসি বন্ধ, অক্সিজেন সংকট ও অবহেলার প্রমাণ মিলেছে

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাব এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এ ছয় নবজাতকের মৃত্যু ঘটে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এছাড়া কক্ষটির ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত মানুষের উপস্থিতিও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও জরুরি চিকিৎসা সাড়া (ইমারজেন্সি মেডিকেল রেসপন্স) কার্যকর ছিল না। দায়িত্বরত সেবিকাদের অবহেলা, চিকিৎসকদের সঙ্গে দ্রুত যোগাযোগ না করা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণের ঘাটতির বিষয়ও তদন্তে উঠে এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল পরিচালনার মৌলিক শর্ত পূরণে প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণে ভবনটিকেও হাসপাতাল পরিচালনার জন্য অনুপযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যমান আইন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ভবনের উপযুক্ততা ও পরিবেশগত অনুমোদনের বিষয়টি আরও কঠোরভাবে বিবেচনা করা হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ