পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল থেকেই জাতিসংঘে দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মন্ত্রিত্ব বজায় রেখেই নতুন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন চলাকালে তিনি কয়েক সপ্তাহের জন্য ছুটিতে থাকলেও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার কোনো পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (৪ জুন) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান বলেন, দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরীও একই সময়ে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন খলিলুর রহমান। বৈঠকে তাকে অভিনন্দন জানানো হয়।

বিশ্লেষকদের মতে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালনে কোনো বিধিগত বাধা নেই। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সার্বক্ষণিক নয় এবং অতীতেও এ ধরনের নজির রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘের কার্যক্রমে ব্যস্ততার সময় মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উল্লেখ্য, গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ