
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিআইডব্লিউটিএ জারি করা এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশ পাওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বিআইডব্লিউটিএর মতে, এ কে এম আরিফ উদ্দিনের কর্মকাণ্ড বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫-এর (খ) ও (ঙ) উপবিধি লঙ্ঘন করেছে। এ কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দপ্তর আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তবে এ সময় তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার ভাতা পরিশোধ করা হবে।
এদিকে, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) পদে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষ এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


