
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখান থেকে মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, রাজধানীতে বিভিন্ন মামলার আসামি ও পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে দায়ের করা নির্দিষ্ট মামলার বিস্তারিত কিংবা গ্রেপ্তারের সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি।


