
বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ভারতের ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, হামলায় অ্যাপল ও টেসলার মতো গুরুত্বপূর্ণ গ্রাহকদের সঙ্গে সংশ্লিষ্ট গোপন নথিসহ বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানটি তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সংবেদনশীল সিস্টেমে প্রবেশাধিকার সীমিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টাটার একটি সূত্র এবং সংশ্লিষ্ট শিল্পখাতের কর্মকর্তারা।
টাটা ইলেকট্রনিকস ইতোমধ্যে ঘটনার ফরেনসিক তদন্ত পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। পাশাপাশি বিষয়টি তাদের গ্রাহক প্রতিষ্ঠান এবং ভারত সরকারকেও অবহিত করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার হামলায় ২ লাখের বেশি ফাইল চুরি হয়েছে। ফাঁস হওয়া তথ্যের পরিমাণ প্রায় ৬৩০ গিগাবাইট। এসব তথ্য গত ১০ জুন ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
র্যানসমওয়্যারভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ড লিকস’-এর তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া নথির মধ্যে ‘com.apple.factorydata’ নামে অ্যাপলের একটি গোপন নথিও রয়েছে। এতে তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া অধিকাংশ নথিতে অ্যাপলের হার্ডওয়্যার স্পেসিফিকেশন, উৎপাদন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পণ্যের পরিকল্পনাসংক্রান্ত তথ্য রয়েছে। এসব তথ্য প্রকাশিত হলে কোম্পানিটির ব্যবসায়িক ও কৌশলগত কার্যক্রম ক্ষতির মুখে পড়তে পারে।
ঘটনাটি প্রযুক্তি খাতের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়েও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের উৎপাদন অংশীদারদের ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
তবে ফাঁস হওয়া তথ্যের মধ্যে অ্যাপল বা টাটার অন্যান্য গ্রাহকদের আরও গোপন নথি রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
সূত্র: রয়টার্স, দ্য ব্যাংকক পোস্ট


