গাছের যত্নে জেনে নিন পানি দেওয়ার আদর্শ সময়

গাছ বাঁচাতে যেমন প্রয়োজন পর্যাপ্ত সূর্যের আলো, তেমনি প্রয়োজন নিয়মিত পানি। তবে শুধু পানি দিলেই হবে না, কখন এবং কীভাবে পানি দেওয়া হচ্ছে সেটিও গাছের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেকেই মনে করেন, সকাল কিংবা বিকেল—যে কোনো সময় গাছে পানি দিলেই যথেষ্ট। কিন্তু উদ্যান বিশেষজ্ঞদের মতে, গাছে পানি দেওয়ারও রয়েছে নির্দিষ্ট নিয়ম। বিশেষ করে গরমের সময়ে সঠিক সময়ে পানি না দিলে গাছের ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, গরমকালে গাছে পানি দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর থেকে সকাল পর্যন্ত। ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে গাছে পানি দেওয়া সবচেয়ে ভালো।

সকালে পানি পেলে গাছ সারাদিন সতেজ থাকে এবং রোদের তাপ সহ্য করার সক্ষমতাও বাড়ে। সূর্যের তাপ বাড়ার আগেই গাছ প্রয়োজনীয় আর্দ্রতা পেয়ে যায়, ফলে গরমে গাছ শুকিয়ে যাওয়ার ঝুঁকি কমে।

প্রচণ্ড গরমে সকালে গাছের গোড়ার পাশাপাশি পাতা ও ডালেও হালকা পানি ছিটিয়ে দেওয়া যেতে পারে। এতে গাছ কিছুটা শীতল থাকে এবং সতেজতা বজায় থাকে।

তবে বিকেল বা সন্ধ্যার সময় গাছে পানি দিলে শুধুমাত্র গোড়ায় পানি দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ সময় পাতা বা ডাল ভিজিয়ে দিলে তা সহজে শুকায় না। ফলে ভেজা পরিবেশে ছত্রাক বা বিভিন্ন রোগের আক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে।

অন্যদিকে, দুপুরের প্রচণ্ড রোদের মধ্যে গাছে পানি দেওয়া সাধারণত নিরুৎসাহিত করা হয়। তীব্র গরমে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে গাছের ক্ষতিও হতে পারে।

তাই গাছকে সুস্থ, সবুজ ও প্রাণবন্ত রাখতে সকালে পানি দেওয়াই সবচেয়ে ভালো অভ্যাস বলে মনে করছেন উদ্যান বিশেষজ্ঞরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ