
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি এ বিষয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাকিব এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’
রাকিব আরও লেখেন, ‘আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
কী বলেছিলেন নিলোফার চৌধুরী মনি?
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় অনেক মানুষ কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি।
তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই বুঝতেই পারেননি গুলি কোথা থেকে এসেছে। তাঁর ভাষ্য, অনেক ক্ষেত্রে গুলির শব্দও শোনা যায়নি, যা স্নাইপারের গুলি হতে পারে বলে তাঁর ধারণা।
আলোচনার একপর্যায়ে সঞ্চালক জানতে চান, এটি কোনো পরিকল্পিত ঘটনা বা ষড়যন্ত্র ছিল কি না। জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি বলতে পারব না।’
তিনি আরও বলেন, ঘটনাগুলোর পেছনে কারা ছিল, তা নিয়ে তাঁর নিজের কাছেও অনেক প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, কিছু ক্ষেত্রে ওপরের তলা বা ভবন থেকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও মন্তব্য করেন।


